প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর গুলশান এলাকার একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার দলের নেতাকর্মীরা। বুধবার বিকালে রাজধানীর গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, গুলশানের একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে। যুবদলের নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশে দিয়েছেন। আটকদের বিরুদ্ধে কোনও মামলা আছে কি না, তা জানার চেষ্টা চলছে।
বাড়ি ঘেরাও করে ২০ জনকে আটকের একটি একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন নয়ন। সেখানে দেখা যায়, বিকেলে নেতা-কর্মীদের নিয়ে গুলশান এলাকার একটি বাড়ির সামনে যান নয়ন। বাড়ির চারপাশে অবস্থান নিয়ে কাউকে পালাতে না দেওয়ার নির্দেশ দেন তিনি। এরপর প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের বিভিন্ন কক্ষে ঢুকে লোকজনকে বের করে আনেন।
পরে পুলিশ সদস্যরা বাড়ির ভেতর থেকে একে একে কয়েকজনকে নিচে নামিয়ে ভবনের পার্কিং এলাকায় জড়ো করেন। এ সময় যুবদলের এক কর্মীকে বলতে শোনা যায়, ‘তারা নাশকতা করতে আসছিল। ছাত্রলীগ, যুবলীগের সবডিরে ধরছি’। নয়নকে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালাতেও দেখা যায়।
একপর্যায়ে কয়েকজনের পাসপোর্ট, মুঠোফোন ও মানিব্যাগ পুলিশের কাছে বুঝিয়ে দেন তিনি। পুলিশকে উদ্দেশ করে নয়নকে বলতে শোনা যায়, ‘যারা নিরপরাধ তাদের ছেড়ে দেবেন।’
আওয়ামী লীগ নেতাকে আটকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়নআওয়ামী লীগ নেতাকে আটকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন এরপর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের নয়ন বলেন, সকালে খবর পেয়েছিলেন, বিকেল চারটার দিকে গোপালগঞ্জ থেকে কয়েকজন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বনানী থানা শ্রমিক লীগের সভাপতির নেতৃত্বে কিছু লোক ওই বাসায় গোপন বৈঠক করবেন। খবর পেয়ে তারা সেখানে যান। ভবনটির পেছনের জানালার একটি অংশ কেটে বের হওয়ার পথ করা আছে বলেও দাবি করেন তিনি।
নয়ন বলেন, তাদের উপস্থিতির খবর পেয়ে কয়েকজন ওই পথ দিয়ে পালিয়ে গেছেন। সব মিলিয়ে ২০ থেকে ২২ জনকে পুলিশ আটক করেছে।
নয়ন বলেন, ডিসেম্বর সামনে রেখে তারা সেখানে পরিকল্পনা করছিলেন। ঢাকা মহানগরের কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করলে তাদের প্রতিহত করার কথা জানান নয়ন।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে জাভেদ দিদার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে দেন নয়ন।
সূত্র: মূল প্রতিবেদন

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল