প্রথম সমাচার ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরবে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। একই সময়ে পৌর শহর ও আশপাশের এলাকায় কুকুর ও বিড়ালের কামড়ে আহত হন আরও পাঁচজন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় একটি শিয়ালের আক্রমণে পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহত পাঁচজন হলেন বাঁশগাড়ি এলাকার আপন মিয়া (২০), রুহান মিয়া (সাড়ে ৪), হারুন মিয়া (৭০), মামুন মিয়া (৩০) ও মোবারক হোসেন (৩৮)।
অন্যদিকে, কুকুরের কামড়ে আহত হয়েছেন পৌর শহরের ভৈরবপুর এলাকার আরাফ মিয়া (৪), ঘোড়াকান্দা এলাকার আনাস মিয়া (৫), ইয়াছিন মিয়া (১১) এবং শ্রীনগর ইউনিয়নের তেয়ারিরচর এলাকার বিজয় মিয়া (১৩)। এ ছাড়া বিড়ালের কামড়ে আয়েশা বেগম (৪) নামে এক শিশু আহত হয়েছে।
শিয়ালের আক্রমণের বর্ণনা দিয়ে আহত আপন মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ একটি শিয়াল তাদের বাড়িতে ঢুকে প্রথমে তার মাকে আক্রমণ করে। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে শিয়ালটি তাকেও কামড়ে আহত করে। পরে বাড়ির আশপাশে থাকা আরও কয়েকজনকে আক্রমণ করে শিয়ালটি। স্থানীয় লোকজন ধাওয়া করলে সেটি পালিয়ে যায়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিয়ার আহমেদ জানান, ২৫ নভেম্বর রাতে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহত ১০ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে রুহান মিয়া ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিয়াল বা কুকুরের কামড়ে আক্রান্ত হলে অবহেলা করা যাবে না। দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে।
সূত্র: মূল প্রতিবেদন
