প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন। এ কারণে প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও জানান, ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকবেন না।
এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এআর
সূত্র: মূল প্রতিবেদন
