প্রথম সমাচার ডেস্ক:
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলিম নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার আবারও সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জানা গেছে, আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
তবে সংঘর্ষের বিষয়ে দুপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরালো পুলিশ