প্রথম সমাচার ডেস্ক:
ফুটবল মাঠে তার প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু স্কুলের শ্রেণিকক্ষে কেমন ছিলেন লিওনেল মেসি? গণিত কিংবা ভাষা শিক্ষায় কেমন ছিল তার পারফরম্যান্স? সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন মহাতারকার সপ্তম শ্রেণির নম্বরপত্রের একটি পুরোনো ছবি নতুন করে ছড়িয়ে পড়ার পর এসব প্রশ্ন নিয়েই শুরু হয়েছে আলোচনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন, ওলে ও টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নম্বরপত্রটি রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলের। সে সময় মেসির বয়স ছিল ১২ থেকে ১৩ বছর। পড়াশোনার পাশাপাশি নিউওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে ফুটবল খেলতেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘স্কালোনাদোস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নম্বরপত্রের ছবিটি প্রকাশ করা হয়। অবশ্য এটি নতুন কোনো ছবি নয়। ২০০৯ সালের সেপ্টেম্বরে মেসির স্কুল নিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল নম্বরপত্রের ছবি।
সেই নম্বরপত্র অনুযায়ী, সব বিষয়েই উত্তীর্ণ হয়েছিলেন মেসি। তবে একটি বিষয়ে পেয়েছিলেন পূর্ণ নম্বর। অনুমান করা কঠিন নয়, বিষয়টি শারীরিক শিক্ষা। সেখানে ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
চিত্রকলা ও সংগীতে পেয়েছিলেন ৮ করে। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় পেয়েছিলেন ৭। অন্যদিকে গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি শিক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৬ করে।
নিজের ছাত্রজীবন নিয়ে মেসিও অবশ্য খুব একটা গর্ব করেন না। ২০২৪ সালের জুনে ভাতিজা তোমাসের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অকপটেই স্বীকার করেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনো ভালো ছাত্র ছিলাম না।’ স্কুল বাড়ির কাছেই হলেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলে জানিয়েছিলেন তিনি।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষিকা ছিলেন আন্দ্রেয়া সোসা। ২০০৯ সালে গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শ্রেণিকক্ষে মেসি ছিলেন শান্ত ও লাজুক স্বভাবের। খুব একটা কথা বলতেন না। তবে বিরতির সময় ফুটবল খেলতে নামলেই পুরোপুরি বদলে যেতেন তিনি।
মেসির আরেক শিক্ষিকা মনিকা দোমিনার স্মৃতিতেও ফুটবলপ্রেমী সেই কিশোরের ছবি অমলিন। তার সঙ্গে ফুটবল খেলার জন্য মুখিয়ে থাকত সহপাঠীরা। ক্লাস শেষ হতেই কে আগে মাঠে পৌঁছাবে, তা নিয়ে চলত প্রতিযোগিতা।
ফুটবলের মহাতারকা হয়ে ওঠার পরও শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোলেননি মেসি। একাধিকবার সেখানে গিয়েছেন। স্কুলের তৎকালীন প্রধান শিক্ষিকা গ্রাসিয়েলা রিবোলদি জানিয়েছিলেন, মেসির আর্থিক সহযোগিতায় কম্পিউটার, টেলিভিশন ও সংগীতের সরঞ্জাম কেনার পাশাপাশি স্কুলের অবকাঠামোরও উন্নয়ন করা হয়েছিল।
মেসির নম্বরপত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে রসিকতা। অনেকেই নিজেদের স্কুলজীবনের ফলাফলের সঙ্গে তার মিল খুঁজে পাচ্ছেন। তবে শারীরিক শিক্ষায় ১০ পাওয়া সেই কিশোরই যে একদিন ফুটবলের ১০ নম্বর জার্সিকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন, তা নিশ্চয়ই তখন খুব কম মানুষই কল্পনা করতে পেরেছিলেন।
সূত্র: মূল প্রতিবেদন

ক্রিকেটার তৈরির পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে চায় বিসিবি