বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি জানালেন আওয়ামী লীগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সম্প্রতি পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জের সবগুলো থানা চালু করাসহ ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষর করা বিবৃতিতে এ দাবি জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের জনগণের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহবান জানানো হচ্ছে।

১. গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে জেলা থেকে সকল বিজিবি সদস্য প্রত্যাহার করতে হবে।

২. গোপালগঞ্জের সকল বন্ধ থানা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে এবং জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করতে হবে।

৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। তারা রাষ্ট্রের বাহিনী। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দলীয় প্রভাবুক্ত থেকে জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।

৪. গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্বাভাবিক রেল যোগাযোগ ও যাত্রীসেবা চালু করতে হবে।

৫. জনগণের করের অর্থ থেকেই রাষ্ট্রীয় বাজেট ও উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য বরাদ্দ উন্নয়ন ও নাগরিক সেবা কোনোভাবেই বন্ধ বা বাতিল করা যাবে না। জেলার জনগণকে বৈষম্যের শিকার করা যাবে না।

৬. গোপালগঞ্জের রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার করতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।

৭. গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস অবিলম্বে খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। জমি-জমা সংক্রান্ত দলিল নিবন্ধনসহ জনগণের জরুরি সেবা নিশ্চিত করতে হবে।

৮. বিভিন্ন গণমধামে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেন সংক্রান্ত অসত্য ও বিভ্রাভিকর তথ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করা দায়িত্বহীন সাংবাদিকতার পরিপন্থী সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলার মানুষও এ দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে গোপালগঞ্জের মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। কোনো জেলার মানুষকে রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য, হয়রানি কিংবা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়।

জেলা আওয়ামী লীগের ভাষ্য, সরকারের গৃহীত যেসব সিদ্ধান্তকে আমরা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী বলে মনে করি, বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা শাখা সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে। তাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করে গোপালগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com