প্রথম সমাচার ডেস্ক:
এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে সময় দিচ্ছেন। এমন শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি ও নকল চলবে না। যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। দায়িত্বে অবহেলা করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ থাকবে না। আগামী দিনে শিক্ষার্থীদের পড়াশোনা করেই ভালো ফলাফল অর্জন করতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন। সারা দেশে ছাত্রীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে। আগামী বছরের শুরু থেকে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ৩৮ টাকা ৫০ পয়সার মিড ডে মিল চালু, নতুন পোশাক বিতরণ এবং বৃত্তির অর্থ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, এবার সেগুলোকে ভবন দেওয়া হবে। ফলাফল বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, তারা নতুন ভবনসহ সরকারি সুযোগ-সুবিধা পাবে না।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশেষ অতিথির বক্তব্যে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষায় অনিয়মের মাধ্যমে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ দেওয়ার সুযোগ ছিল। সেই দিন আর নেই। বিএনপির আমলে ভালোভাবে পড়াশোনা করলেই শিক্ষার্থীরা ভালো ফল করবে। ভবিষ্যতে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে।
সূত্র: মূল প্রতিবেদন

বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী