বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

ঘুষ না দিলে বদলির হুমকি! নাসিরনগর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের বিস্ফোরক অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞার বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণ, অর্থ আদায়, অশালীন আচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। কর্মকর্তার চাহিদা অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হলে বিভিন্ন স্তরের শিক্ষককে বদলিসহ নানা ধরনের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে শিক্ষা মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কয়েকজন শিক্ষক।

অভিযোগকারীদের দাবি, এর আগে নাসিরনগর উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে নানা অভিযোগের পর দুই দফা বদলি হন ইসহাক মিঞা। পরে আবারও একই উপজেলায় ফিরে আসেন। সর্বশেষ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে তৃতীয়বারের মতো নাসিরনগরে যোগ দেন তিনি। তবে পদ পরিবর্তন হলেও তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ থামেনি বলে দাবি শিক্ষকদের।

গত ১৮ অক্টোবর শিক্ষা মন্ত্রী বরাবর চার পৃষ্ঠার লিখিত অভিযোগ দেন কালিউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা বেগম ও উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি বেগম। অভিযোগপত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ আদায়, ঘুষ গ্রহণ, শিক্ষকদের হয়রানি এবং সরকারি বরাদ্দের অর্থ নিয়ে অনিয়মের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, চলতি বছরের জুন মাসে সমন্বয় সভায় অডিট ও অফিসের খরচের কথা বলে উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে জনপ্রতি দেড় হাজার টাকা করে আদায় করেন ইসহাক মিঞা। এ ছাড়া তাঁর কথিত ব্যক্তিগত সহকারী মনির হোসেনের বেতন দেওয়ার কথা বলে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০২৬-এর পে-ফিক্সেশনের জন্য উপজেলার ৭৫১ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা করে নেওয়া হয়েছে। নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজের বরাদ্দ থেকে প্রতিটি বিদ্যালয়ের জন্য ১০ হাজার টাকা করে দিতে হয়েছে বলেও অভিযোগ করেছেন শিক্ষকরা। উপজেলা শিক্ষা অফিসের ভেতরে কাচের নামফলক ও অফিসের সাইনবোর্ড তৈরির কথা বলেও ১২৬ জন প্রধান শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায়ের অভিযোগ রয়েছে।

চাকরি স্থায়ীকরণের কথা বলে উপজেলার ১১০ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি আড়াই হাজার টাকা করে নেওয়ার অভিযোগও করেছেন শিক্ষকরা। একইভাবে ৪২ জন শিক্ষকের কাছ থেকে সমতাবিধান বিলের নামে জনপ্রতি ১২ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের পক্ষে মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ডসহ বিভিন্ন তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি অভিযোগকারীদের।

এ ছাড়া উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লেয়িং এক্সেসরিজ কেনার কাজ নিজেই পরিচালনা করে পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে চেকে স্বাক্ষর নিয়ে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে ইসহাক মিঞার বিরুদ্ধে।

শিক্ষকদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়ে হয়রানি করা হয়। পরে তাঁর কথিত ব্যক্তিগত সহকারী মনির হোসেনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অর্থ আদায় করা হয়। চিকিৎসাজনিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষক সংযুক্তি, বকেয়া বিল, ক্ষুদ্র মেরামত ও স্লিপসহ বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমেও ঘুষ ছাড়া কাজ হয় না বলে অভিযোগ তাঁদের।

অভিযোগকারীদের আরও দাবি, এসব কর্মকাণ্ড পরিচালনায় শিক্ষকদের একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন ওই কর্মকর্তা। তাঁদের নিয়ে বছরে একাধিকবার দেশের বিভিন্ন স্থানে ও রিসোর্টে ভ্রমণেও যান তিনি।

অভিযোগকারী প্রধান শিক্ষক লুবনা বেগম বলেন, “উপজেলা শিক্ষা কর্মকর্তা ক্ষুদ্র মেরামতের বরাদ্দ থেকে তাঁকে টাকা দিতে চাপ দেন। টাকা না দিলে বদলি করে দেওয়ার ভয় দেখানো হয়। একপর্যায়ে বাধ্য হয়ে তাঁকে ১০ হাজার টাকা দিতে হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি শিক্ষকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখান।”

সহকারী শিক্ষক বিউটি বেগম বলেন, “চাকরি স্থায়ীকরণের কথা বলে আমারসহ আরও ১০৯ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চাকরি স্থায়ীকরণের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি আটকে রেখেছেন। ধৈর্য ধরতে বলেন। তাঁর বিরুদ্ধে আরও বিস্তর অভিযোগ রয়েছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার না করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষিকা লুবনা বেগমের পরিবারের সবাই বিএনপির। স্কুলের ব্যবস্থাপনা কমিটিতে কোনো নিয়মনীতি না মেনে তাঁর ভাসুরকে সভাপতি করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে। এ নিয়ে কথা বলায় তাঁর স্বামী আমাকে চাপ দিচ্ছেন।”

কথিত ব্যক্তিগত সহকারীর মাধ্যমে শিক্ষকদের চাপ দিয়ে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এসব বিষয়ে তদন্ত হচ্ছে, তদন্তে সব বেরিয়ে আসবে।”

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, “নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয় হয়তো বিষয়টি তদন্তের জন্য কাউকে দায়িত্ব দেবেন।”

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com