প্রথম সমাচার ডেস্ক:
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ছয় মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য দিয়েছেন দেশটির মুসলিম সিনেটর ফাতিমা পেমান। এ সময় তার পেছনে বসে শিশুটির সঙ্গে পিকাবু (লুকোচুরি ধরনের খেলা) খেলছিলেন আরেক সিনেটর লিডিয়া থর্প। পার্লামেন্টের অধিবেশনের এই ব্যতিক্রমী ও আনন্দঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। খবর আল জাজিরা, দ্য গারডিয়ানের।
প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার সিনেটে ডিজিটাল ডিউটি অব কেয়ার বিল নিয়ে আলোচনার সময় ছয় মাস বয়সী মেয়ে আলিয়াহকে কোলে নিয়ে বক্তব্য দেন ফাতিমা পেমান। বক্তব্য দেওয়ার সময় শিশুটিকে বুকের কাছে ধরে রেখেছিলেন তিনি। এ সময় তার ঠিক পেছনে বসা স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে পিকাবু খেলছিলেন। শিশুটির মনোযোগ আকর্ষণ করতে নানা অঙ্গভঙ্গি ও মুখভঙ্গিও করেন তিনি।
ঘটনাটি পার্লামেন্টের অধিবেশন চলাকালে ভিডিওতে ধারণ করা হয়। পরে ভিডিওটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই কর্মক্ষেত্রে মা ও শিশুর এমন স্বাভাবিক উপস্থিতির প্রশংসা করেছেন।
পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেমান অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের প্রথম হিজাব পরিহিত সদস্য। দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দেয়া পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটরও তিনি।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সিনেটররা অধিবেশন চলাকালে তাদের শিশুসন্তানকে সঙ্গে রাখতে এবং প্রয়োজন অনুযায়ী যত্ন নিতে পারেন। ফলে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে পেমানের অধিবেশনে অংশ নেয়া পার্লামেন্টের নিয়মের পরিপন্থী নয়।
মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন এবং পার্লামেন্টে শিশুর উপস্থিতির সুযোগ—দুই বিষয়ই নতুন করে আলোচনায় এনেছে এই ঘটনা।
সূত্র: মূল প্রতিবেদন

নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়