প্রথম সমাচার ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব দাবি জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য এ দেশের ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল।’
নাহিদ বলেন, ‘আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি, অর্জুন সিংকে অনতিবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য প্রদানের ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো করেছে।’
নাহিদ আরও বলেন, ‘অর্জুন সিংয়ের এমন উদ্ভট ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ পরিলক্ষিত হয়নি। সরকারের এই নির্লিপ্ততা আমাদের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।’
তিনি বলেন, ‘এ দেশের মানুষের অদম্য সাহস ও লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই দিন আর কখনোই ফিরে আসবে না। ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।’
ভারতের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের মনে রাখা উচিত, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে, প্রক্সি শক্তির মাধ্যমে এ দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা খোদ ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে। এ দেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সদা জাগ্রত ও প্রস্তুত।’
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ