প্রথম সমাচার ডেস্ক:
পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন চার বছরেরও বেশি সময় আগে। তবে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগটা এখনও পাননি কার্লোস তেভেজ। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আর্জেন্টাইন এই তারকার বিদায়ী ম্যাচে বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের তারকাদের মিলনমেলা। যেখানে থাকবেন লিওনেল মেসিও।
আগামী ২০ ডিসেম্বর বুয়েনস আইরেসে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী ম্যাচ। গত অক্টোবরেই মেসির খেলার কথা জানিয়েছিলেন তেভেজ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজনটির আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও আটবারের ব্যালন ডি’অরজয়ীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মেসি ও তেভেজ। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ ছাড়াও একাধিক কোপা আমেরিকায় সতীর্থ ছিলেন তারা। এবার পুরোনো সতীর্থের বিদায়কে স্মরণীয় করে রাখতে আবারও এক মাঠে দেখা যাবে দুজনকে।
মেসি ছাড়াও বিদায়ী ম্যাচে থাকছেন সার্জিও আগুয়েরো, জিয়ানলুইজি বুফন, এডউইন ফন ডার সার, রিও ফার্ডিনান্ড, লিয়ান্দ্রো পারেদেস, মার্টিন পালের্মো ও রোলান্দো স্কিয়াভির মতো তারকারা।
বোকা জুনিয়র্সের সাবেক তারকাদের নিয়ে গড়া দলের বিপক্ষে খেলবে তেভেজের বন্ধুদের দল। বোকা কিংবদন্তিদের কোচের দায়িত্ব পালন করবেন কার্লোস বিআঞ্চি। অন্য দলের ডাগআউটে থাকবেন ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি। তবে বোকা সভাপতি হুয়ান রোমান রিকেলমে শেষ পর্যন্ত মাঠে নামবেন কি না, সেই সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দিয়েছেন তেভেজ।
শুধু ফুটবল তারকারাই নন, এই আয়োজনে থাকবেন সাবেক টেনিস তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো ও গাব্রিয়েলা সাবাতিনিও। ফর্মুলা ওয়ানের আর্জেন্টাইন ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোও ফুটবল খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তেভেজ।
তবে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহ এখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে। ম্যানচেস্টার ইউনাইটেডে পর্তুগিজ তারকার সঙ্গে খেলেছেন তেভেজ। ২০০৮ সালে একসঙ্গে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। নিজের বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোকে একই দলে খেলানোর স্বপ্ন এখনও ছাড়েননি আর্জেন্টাইন তারকা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে তেভেজ বলেন, ‘সেটার জন্য অপেক্ষা করতে হবে। সম্ভাবনা আছে, তবে নিশ্চিত হওয়ার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।’
রোনালদোর অংশগ্রহণের পথে অবশ্য বড় বাধা আল নাসরের সূচি। একই দিনে কুয়েতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল খুলুদের বিপক্ষে খেলবে তার ক্লাব।
বিদায়ী ম্যাচের বাইরেও অতিথিদের জন্য বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছেন তেভেজ। তারকাদের নিয়ে যেতে চান বুয়েনস আইরেসের সেই ফুয়ের্তে আপাচে এলাকায়, যেখানে কেটেছে তার শৈশব। সেখানে অতিথিদের নিয়ে অন্তত ১৫ মিনিট ফুটবল খেলতে চান তিনি।
২০০১ সালে বোকা জুনিয়র্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন তেভেজ। যে ক্লাব থেকে তার তারকা হয়ে ওঠার গল্প শুরু হয়েছিল, সেই ক্লাবের মাঠেই এবার বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানবেন তিনি।
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জে এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার ৮ জন