শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

মাংস রপ্তানিতে মধ্যপ্রাচ্যের বাজার ধরতে চায় সরকার: প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে খামারিদের উৎপাদনে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ যুক্ত রয়েছেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিম অংশ নেন।

এ ছাড়া ভ্যাবের সদস্য, বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com