প্রথম সমাচার ডেস্ক:
শীত এলেই অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। মলত্যাগে কষ্ট, পেট ফাঁপা বা কয়েক দিন পরপর মলত্যাগ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। শীতকালে অনেকে পানি কম পান করেন, আবার ঠান্ডার প্রকোপে শারীরিক পরিশ্রমও তেমন করা হয় না। সেই সঙ্গে খাবারেরও কিছু পরিবর্তন হয়। সবকিছু মিলেই হজমের ওপর প্রভাব পড়ে।
বিশেষজ্ঞদের মতে, শরীরে পানির ঘাটতি ও মল শুকিয়ে শক্ত হয়ে যাওয়া শীতের কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ।
পানি কম পান করা: শীতকালে তৃষ্ণা কম অনুভূত হয়, তাই অনেকেই প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন। এতে অন্ত্রে পানির পরিমাণ কমে মল শক্ত ও শুকনো হয়ে যেতে পারে। ফলে মলত্যাগে অনেক কষ্ট হয়।
অন্ত্রের গতি ধীর হয়ে যাওয়া: ঠান্ডা আবহাওয়া ও শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে অন্ত্রের স্বাভাবিক চলাচল ধীর হতে পারে। এতে মল অন্ত্রে বেশি সময় ধরে থাকে এবং আরও শুকিয়ে যায়।
আঁশযুক্ত খাবার কম খাওয়া: শীতে অনেকেই শাকসবজি, ফল ও সালাদ কম খেয়ে ভাজাপোড়া, মিষ্টি ও ভারী খাবার বেশি খান। এতে খাদ্যতালিকায় ফাইবারের পরিমাণ কমে যায়। এটি কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ায়।
শারীরিক পরিশ্রম কম করা: ঠান্ডার কারণে হাঁটাচলা ও ব্যায়াম কমে যায়। লেপ-কম্বলের ওম ছেড়ে শীতের সকালে অনেকেই হাঁটতে বা শরীরচর্চা করতে চান না। অথচ নিয়মিত শরীরচর্চা অন্ত্রের নড়াচড়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।
সকালে কুসুম গরম পানি পান করুন: সকালে এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি পান করতে পারেন। এতে শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে আর মলত্যাগের স্বাভাবিক প্রক্রিয়াও সহজ হতে পারে।
আঁশযুক্ত খাবার খান: খাদ্যতালিকায় ওটস, আপেল, নাশপাতি, কমলা, গাজর, ডাল ও বিভিন্ন শাকসবজি রাখুন। এসব খাবারের ফাইবার মলের পরিমাণ বাড়াতে এবং নরম রাখতে সাহায্য করে।
গরম পানীয় ও তরল খাবার খান: ঠান্ডা পানি পান করতে অসুবিধা হলে স্যুপ, গরম ডাল, ভেষজ চা ও অন্যান্য তরল খাবারের মাধ্যমে শরীরের পানির চাহিদা পূরণ করতে পারেন। তবে সারা দিন পর্যাপ্ত পানি পান করাও জরুরি।
প্রতিদিন হাঁটুন: প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট দ্রুত হাঁটার অভ্যাস করুন। এটি অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সাহায্য করে।
নিয়মিত মলত্যাগের অভ্যাস করুন: প্রতিদিন নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মলত্যাগের চাপ এলে তা আটকে রাখবেন না।
টয়লেটে বসার ভঙ্গি ঠিক রাখুন: টয়লেটে বসার সময় পায়ের নিচে ছোট টুল বা পিঁড়ি ব্যবহার করে পা কিছুটা উঁচুতে রাখলে মলত্যাগ সহজ হতে পারে।
তবে কোষ্ঠকাঠিন্যের সঙ্গে মলে রক্ত, তীব্র পেটব্যথা, অকারণে ওজন কমে যাওয়ার সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। এ ছাড়া দুই সপ্তাহের বেশি সময় কোষ্ঠকাঠিন্য থাকলেও চিকিৎসকের কাছে যাওয়া উচিত। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য কখনো কখনো থাইরয়েডের সমস্যা, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে।
সূত্র: মূল প্রতিবেদন

যন্ত্রপাতিহীন হাসপাতালে ব্যক্তিগত সরঞ্জামে চিকিৎসা, বাস্তবতা তুলে ধরলেন চিকিৎসক আব্দুল্লাহ আল মারযূক