প্রথম সমাচার ডেস্ক:
জয়পুরহাটের সীমান্তবর্তী একটি পুকুরে লুকিয়ে রাখা ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীন হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব উচনা গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুকুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুকিয়ে রাখার খবর পায় বিজিবি। পরে ২০ বিজিবির দুটি টহল দল সেখানে অভিযান চালায়। পুকুরে তল্লাশি করে পানির নিচে বাঁশের খুঁটির সঙ্গে বিশেষ চিহ্ন দিয়ে পাশাপাশি রাখা মূর্তি দুটি উদ্ধার করা হয়।
বিজিবির ধারণা, সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র মূর্তিগুলো রাতের অন্ধকারে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।
২০ বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি এবং অন্যটির ওজন ১৭ কেজি; মোট ওজন ৪২ কেজি। বিজিবির হিসাবে এগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
