শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

নব্বইয়ের আন্দোলনের ধারাবাহিকতাতেই হাসিনা সরকারের পতন: রিজভী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের গৌরব ও আত্মত্যাগ পরবর্তী সময়ের গণতান্ত্রিক আন্দোলনগুলোকে অনুপ্রাণিত করেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আগে তিনি শহীদ ডা. মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন।

বক্তব্যে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সংকট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং এ কারণেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি।

গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

রুহুল কবির রিজভীর মতে, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হতো। এ জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলা জরুরি।

গণতন্ত্রের কাঠামো প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পৃথিবীর সব দেশে গণতন্ত্রের কাঠামো এক রকম না হলেও এর মূল ভিত্তি হচ্ছে জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা।

নির্বাচনকালীণ সরকারব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে সেই ব্যবস্থা বাতিল করেছিল।

গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে তুলনামূলক কার্যকর বলেও মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজপথে আন্দোলনকারী শক্তিগুলো এখন জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলসহ বিভিন্ন অবস্থানে রয়েছে। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত শহীদ ডা. মিলনের মা তার সন্তানের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com