প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকট ও অচলাবস্থা নিরসনের দাবিতে শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর থেকে অর্ধবেলা কাপ্তাই সড়ক সম্পূর্ণ অবরোধ (ব্লকেড) করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে সংকটের সমাধান না হওয়ায় বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে গত বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভা শেষে রাত ২টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস এশিয়া পোস্টকে বলেন, বিগত দুই মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন। কিন্তু চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই দিন বিকেলে চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা। সর্বশেষ নতুন কর্মসূচি হিসেবে শুক্রবার জুমার নামাজের পর থেকে অর্ধবেলা কাপ্তাই সড়ক ব্লকেডের ডাক দেওয়া হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর আবারও শাটডাউন ও সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে গেলেন শিক্ষার্থীরা।
সূত্র: মূল প্রতিবেদন
