শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় উভয় সংকটে ভারত, বাংলাদেশে উদ্বেগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজ, বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলসীমান্ত ব্যবহার করে দেশে ফেরার বিকল্প পরিকল্পনা করছেন তিনি। এমনকি ভারত-বাংলাদেশ সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করার দাবিও করেছেন তার সমর্থকেরা। প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা।

শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে তাকে দেশে ফিরলে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে সরকার, অন্যদিকে তার প্রত্যর্পণ নিয়ে ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে চলে যান ৭৯ বছর বয়সি শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

তার মুখপাত্র জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের স্মারক ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিন বিবিসিকে বলেন, দেশে ফেরার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে একটি বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানানো হবে। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে ফেরার চেষ্টা করবেন তিনি। বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে স্থলসীমান্ত।

অরিন বলেন, তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।

ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম; এই পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।

অরিনের দাবি, এই সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন শেখ হাসিনার সমর্থকেরা।

তিনি বলেন, এটি অত্যন্ত পরিকল্পিত ও সুনির্দিষ্ট একটি পরিকল্পনা। বিষয়টি তারা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

তবে এসব প্রবেশপথের অবস্থান বা পরিকল্পনার বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দেশে ফিরলেই গ্রেপ্তারের ঘোষণা সরকারের

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশের সরকার।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। সরকার এই রায় কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে। তবে বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাস্তবতা ও আকাঙ্ক্ষা এক বিষয় নয়। শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।

অন্যদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তনের পরিকল্পনা হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাদের মতে, এর মাধ্যমে আওয়ামী লীগ আবারও দেশের রাজনৈতিক আলোচনায় নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে।

অরিনের দাবি, ভারতে অবস্থান করেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। টেলিগ্রামের মাধ্যমে অডিও বৈঠক করে গত ১৮ মাসে ৩০০টির বেশি সভা করেছেন তিনি। দেশের ৬৪ জেলা ও ৩০০ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে এসব বৈঠকে কথা বলেছেন।

আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে এসব বৈঠকের আয়োজন করা হয় বলে জানান অরিন। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে।

শেখ হাসিনাকে স্বাগত জানাতে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত পাঁচ লাখ মানুষ জড়ো হতে পারেন বলেও দাবি করেছেন তিনি। সমর্থকেরা মানবপ্রাচীর তৈরি করে তাকে অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন অরিন।

তার ভাষায়, এটি বাস্তবায়নের সাংগঠনিক সক্ষমতা আমাদের রয়েছে।

তবে এই দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে সংশয় রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বিদেশে, কেউ কারাগারে, আবার কেউ আত্মগোপনে রয়েছেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণও সীমিত।

এরপরও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সমর্থকেরা ঝটিকা মিছিল ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে এসব কর্মসূচি আরও ঘনঘন হচ্ছে এবং কোথাও কোথাও সংঘাতের রূপ নিচ্ছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় অংশ নিয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জন সরাসরি রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে সংস্থাটি।

শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

বিভিন্ন প্রতিবেদনে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে থানায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।

রাজনৈতিক বিভক্তির সুযোগ নিতে চায় আওয়ামী লীগ?

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টাও থাকতে পারে।

২০২৪ সালের অভ্যুত্থানের সময় একজোট হওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ তৈরি হয়েছে।

ডেইলি ওয়াচের সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, জুলাই সনদ, সাংবিধানিক সংস্কার ও গণভোট নিয়ে মতপার্থক্যের কারণে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দূরত্ব বেড়েছে।

তার মতে, আওয়ামী লীগ এই রাজনৈতিক বিভক্তিকে কাজে লাগানোর সুযোগ খুঁজছে।

শফিকুল আলম বলেন, দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনী এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভক্তিকে কাজে লাগিয়ে দলটি রাজপথে সক্রিয় হতে চাইছে।

তবে বিশ্লেষকদের মতে, বিক্ষোভ ও সহিংসতা ছড়ানোর সক্ষমতা থাকলেই আওয়ামী লীগের ব্যাপক রাজনৈতিক পুনরুত্থান ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক চাপে ভারত

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন চলছে। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ঢাকার অসন্তোষ আরও বাড়িয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com