শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

সরকারি তিন মেডিকেল কলেজে ১৫০ শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এসব কলেজে প্রাথমিকভাবে ৫০টি করে মোট ১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়েছে। কলেজ তিনটি হলো ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রকাশিত হালনাগাদ আসনসংক্রান্ত তালিকায় এ তথ্য উঠে এসেছে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর আসনসংখ্যা পুনর্নির্ধারণ করে তালিকাটি প্রকাশ করা হয়েছে।

গত ২২ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ১৬ নভেম্বর ভর্তি নীতিমালা হালনাগাদবিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। কলেজ দুটিতে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর ফুলবাড়িয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠা করা হচ্ছে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কলেজটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় কলেজটি প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি দেওয়া হয়।

প্রাথমিকভাবে সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির পাঠদান কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শিক্ষাকার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করা হবে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয়। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা নিয়ে থাকেন। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে চিকিৎসা শিক্ষার কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে নতুন কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে।

নতুন তিনটি কলেজের পাশাপাশি বিদ্যমান মেডিকেল কলেজগুলোর আসনসংখ্যাতেও পরিবর্তন আনা হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসনসংখ্যা ২০০ থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে।

গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন পুনর্নির্ধারণ করা হয়েছে। দুটি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ১০৮টি। এর মধ্যে সরকারি ৪০টি এবং বেসরকারি ৬৮টি। এর বাইরে আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি পরিচালিত মেডিকেল কলেজ রয়েছে সাতটি।

গত ২৫ নভেম্বরের আসন পুনর্বিন্যাসের তালিকা অনুযায়ী, নতুন তিনটিসহ ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ২৭০টি। অন্যদিকে, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২১টি।

এ ছাড়া দেশের নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০টি আসন নির্ধারণ করা হয়েছে।

সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজ বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। চলতি শিক্ষাবর্ষে বগুড়া ও কুমিল্লার কলেজ দুটিতে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৭০টি।

এ ছাড়া ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com