প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মিরপুর-১০, ওয়ারী, হাতিরপুল, ধানমন্ডি ও মহাখালী পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত ১১টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর জড়িতরা পালিয়ে যায়। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে পথচারীরা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করলেও আটক করতে পারেননি। এ ঘটনায়ও কেউ আহত হয়নি।
রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়াও রাত ১১টার দিকে মহাখালী এলাকায় মহাখালী আমতলী পুলিশ বক্সের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পাশে দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, সড়কটির সব কিছু স্বাভাবিক ভাবেই চলছিল। মোটরসাইকেল যোগে আসা দুই যুবক হঠাৎ ককটেল নিক্ষেপ করে চলে যায়। বিকট শব্দে পথচারীরা আতঙ্কিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
সূত্র: মূল প্রতিবেদন
