প্রথম সমাচার ডেস্ক:
দেশের রেল যোগাযোগব্যবস্থায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এই সদস্যদের মাঠে নামানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এই ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাধারণ যাত্রীদের জানমালের নিরাপত্তা ও রেল চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক এবং জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন।
এর আগে পোশাক শ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের পেশাদারিত্বমূলক দায়িত্ব পালন ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
রায়ট কন্ট্রোলে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রুখতে এবং নিরাপদ বাংলাদেশ গড়তে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী