রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

অর্ণব উঠেই গাইলেন, ‘এ শহর আমার’

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে অনুষ্ঠিত হয় বিশেষ কনসার্ট ‘হোক কলরব’। ২০০৬ সালে প্রকাশিত সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’-এর দুই দশক পূর্তি উপলক্ষে এর আয়োজন করে টোয়েন্টিজ কমিউনিকেশনস।

পূর্বের ঘোষণা অনুযায়ী এদিন বিকেল ৫টায় গেট খুলে দেওয়া হয় এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে ভেন্যুতে প্রবেশেও নিয়ম মানা হয় কঠোরভাবে। যার ফলে শুধু ব্যক্তিগত মোবাইল ফোন অনুমোদিত ছিল। এছাড়া পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, ইয়ারবাড, চার্জার, ক্যাবল, ল্যাপটপ, ট্যাবলেট, স্পিকার, ডিএসএলআর/ডিজিটাল ক্যামেরা, ভিডিও সরঞ্জাম, ড্রোন, ট্রাইপড এবং বাহ্যিক অডিও সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।

সব নিয়ম মেনে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় সংগীতশিল্পী আহমেদ সানি স্টেজে উঠে গান পরিবেশন করছেন। নিজের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে তিনি যখন স্টেজ ছাড়েন, তখন সময় সন্ধ্যা ৭টা। এরপর অনুষ্ঠানসূচি অনুযায়ী স্টেজে আসার কথা ছিল সংগীতশিল্পী মাশা ইসলামের। উপস্থাপিকা দশ মিনিটের একটি বিরতি নিয়ে সবাইকে অপেক্ষা করতে বলেন, কিন্তু সেই অপেক্ষা ক্রমশই দীর্ঘ হতে থাকে। মিনিট পেরিয়ে ঘণ্টা চলে যায়, কিন্তু অপেক্ষমাণ দর্শক কাউকেই স্টেজে দেখতে পান না।

এরপর দর্শক সারি থেকে আয়োজকদের উদ্দেশে দুয়োধ্বনি শুরু হলে লাইনআপ পরিবর্তন করে স্টেজে ওঠেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। গান শুরু করেন তিনি, পরিস্থিতি হালকা হতে শুরু করে। তার কয়েকটি গানের পরই দেখা মেলে কনসার্টের প্রধান আকর্ষণ অর্ণবের। স্টেজে ওঠেন তিনি, মুহূর্তেই উড়ে যায় অপেক্ষমাণ শ্রোতাদের বিরক্তি। গোটা হলরুম জুড়ে তখন ‘অর্ণব অর্ণব’ ধ্বনিতে মুখরিত সবাই।

সাউন্ড চেক করে সুনিধির সঙ্গে যুক্ত হন। দুজনে ডুয়েট গাইতে শুরু করেন। ‘শোনো দখিনা হাওয়া’ গেয়ে স্টেজ ছাড়েন সুনিধি। এরপরের পুরোটা সময় অর্ণব মাতিয়ে রাখেন তার অপেক্ষমাণ শ্রোতাদের। যার শুরুটা হয় ‘আয়নাবাজি’ সিনেমার ‘এই শহর আমার’ গান দিয়ে। এরপর একে একে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। তবে তার খুব একটা পরিশ্রম করতে হয়নি, কারণ প্রতিটি গানই শ্রোতারা নিজেদের মতো করে গলা মিলিয়ে শেষ করেছেন।

এরপর প্রায় ৮টির মতো গান পরিবেশন করে অর্ণব স্টেজ ছাড়ার আগে মঞ্চে মাশা ইসলামকে ডেকে আনেন। তার গানের মধ্য দিয়েই এদিন শেষ হয় বিশেষ এই কনসার্টটি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com