প্রথম সমাচার ডেস্ক:
পাবনার আটঘরিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মাহাতাব উদ্দিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মাহাতাব উদ্দিন ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক।
জানা গেছে, আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে মাহাতাব উদ্দিনের অর্থায়নের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দেবোত্তর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাহাতাব উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
