শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুমিল্লার তিতাসে পুলিশের হাতে আটক এক ব্যক্তিকে জামায়াতে ইসলামীর কর্মী দাবি করে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোলের ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি, আটক ব্যক্তি যুবলীগের কর্মী।

শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে তিতাস থানা চত্বরে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তিতাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিপ্ত রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা যুবলীগ কর্মী মো. গিয়াস উদ্দিন সরকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

শনিবার বিকালে গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করে পুলিশের গাড়ি আটকে দেন এবং দলীয় স্লোগান দেন। এ সময় পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে আটক ব্যক্তিকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে তাদেরও পাল্টা স্লোগান দিতে দেখা যায়।

তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রকৌশলী শামীম সরকার বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে বলরামপুর ইউনিয়নে তাদের একটি সভা ছিল। সভা শেষে মাগরিবের নামাজের পর বলরামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন সরকারকে ছদ্মবেশে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে।

তিনি বলেন, খবর পেয়ে তারা রাতেই থানায় গিয়ে ওসিকে বিষয়টি জানান এবং গিয়াস উদ্দিন তাদের কর্মী, এমন প্রমাণ দেন। তখন ওসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সকালে আসতে বলেন। কিন্তু তাদের কিছু না জানিয়ে গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর জন্য পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় তারা বিষয়টি জানতে চান।

থানায় হট্টগোলের বিষয়ে জানতে চাইলে শামীম সরকার বলেন, তারা কোনো হট্টগোল করেননি। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। তারাই হট্টগোল করার চেষ্টা করেছেন।

তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সরকার লিপ্ত রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রাতে জামায়াতে ইসলামীর নেতারা গিয়াস উদ্দিনকে তাদের কর্মী দাবি করেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

ওসি আরও বলেন, ২৮ নভেম্বর বিকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর সময় তার স্বজন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দেন। পরে পুলিশের কার্যক্রমের আওতায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে আটক ব্যক্তিকে আদালতে পাঠাতে সক্ষম হন তারা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com