ক্রিকেট বিশ্বের অত্যন্ত প্রভাবশালী প্রকাশনা উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক সম্প্রতি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ এবং এতে ভারতের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব নিয়ে কঠোর উদ্বেগ প্রকাশ করেছে।
২০২৬ সালের বার্ষিক সংস্করণে উইজডেন সম্পাদক লরেন্স বুথ ক্রিকেটের বর্তমান প্রশাসনিক অবস্থাকে জর্জ অরওয়েলের উপন্যাসের সেই নিয়ন্ত্রিত সমাজের সাথে তুলনা করে একে ‘অরওয়েলীয়’ বলে অভিহিত করেছেন।
প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, আইসিসির বর্তমান শীর্ষ দুই পদে ভারতীয়দের অবস্থান এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপর দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের গভীর প্রভাব বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে।
সম্পাদক লরেন্স বুথ তার লেখায় দেখিয়েছেন কীভাবে রাজনৈতিক উত্তেজনা সরাসরি খেলার মাঠে প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালের এশিয়া কাপের সময় ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত যুদ্ধাবস্থার প্রভাব ক্রিকেটে পড়েছিল, যার ফলে খেলোয়াড়দের মধ্যে ন্যূনতম সৌজন্যবোধও দেখা যায়নি।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যেখানে রাজনীতি ও খেলাকে আলাদা রাখার কথা বলছেন, তিনিও তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন—এই বৈপরীত্যকে উইজডেন ক্রিকেটের অপশাসনের একটি বড় প্রমাণ হিসেবে তুলে ধরেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বিসিসিআই এখন কার্যত ভারতের ক্ষমতাসীন দলের একটি ক্রীড়া শাখায় পরিণত হয়েছে। ভারত অধিনায়ক যখন পাকিস্তানের বিপক্ষে জয়কে সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেন কিংবা দেশটির প্রধানমন্ত্রী যখন যুদ্ধক্ষেত্রের অভিযানের সাথে ক্রিকেট জয়কে তুলনা করেন, তখন ক্রিকেট আর কেবল খেলা থাকে না, বরং তা যুদ্ধের একটি ছায়া মাধ্যমে পরিণত হয়। এই ধরনের প্রবণতা খেলার মূল স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করছে বলে উইজডেন মনে করে।
এছাড়া প্রতিবেশী দেশগুলোর সাথে রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেটে যে প্রভাব পড়ছে, তার উদাহরণ হিসেবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল এবং পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে বাংলাদেশি খেলোয়াড়দের ভারত সফরে সরকারি নিষেধাজ্ঞা এবং এর ফলে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনাকে উইজডেন ক্রিকেটের জন্য এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে।
সব মিলিয়ে উইজডেন সতর্ক করেছে যে, ভারতের এই প্রশ্নাতীত আধিপত্য এবং ক্রিকেটের ক্রমবর্ধমান রাজনীতিকরণ খেলাটির ভবিষ্যৎকে এক বিষাক্ত ও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে।
এএফপি/আল-জাজিরা/পিএস
