সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম—আর সেই প্রেমের টানেই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে রংপুরের মিঠাপুকুরে এসে এক তরুণীকে বিয়ে করলেন চীনা নাগরিক।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় ওই তরণীর বাড়িতে পৌঁছান এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা আনিকা আক্তারের সঙ্গে অনলাইনে পরিচয় হয় চীনের নাগরিক মা লিয়াংহুইয়ের। পরিচয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। পারিবারিক সম্মতিতে বৃহস্পতিবার তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তিনি স্ত্রীর বাড়িতেই অবস্থান করছেন।
এদিকে গ্রামে বিদেশি একজন যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষজন আনিকার বাড়িতে ভিড় করছেন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, চীনা এক নাগরিক ওই এলাকায় এসেছেন—এমন খবর পেয়ে আমরা খোঁজ নিয়েছি। তিনি স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন এবং বর্তমানে শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন।
