মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রথম সমাচার ডেস্ক ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ও অনলাইন আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবং অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ইউনিট ও উপ-ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ অনুযায়ী, সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি, এ ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি, বি১ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, বি২ উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি, বি ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি, ডি ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি এবং ডি১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...