শুক্রবার, ০৫ জুন ২০২৬
Logo
×

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বাতাস লিক, সতর্ক অবস্থানে নাসা

প্রথম সমাচার ডেস্ক ০৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রাশিয়ান অংশে নতুন করে বাতাস লিকের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মহাকাশচারীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পরিস্থিতি অবনতি হলে দ্রুত স্টেশন ত্যাগের প্রস্তুতি রাখতেও বলা হয়েছে সংশ্লিষ্ট ক্রুদের।

জানা গেছে, আইএসএসের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ‘জভেজদা’ (Zvezda) মডিউলে বাতাস লিক হওয়ার হার হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। রাশিয়ার প্রকৌশলী ও মহাকাশচারীরা ত্রুটির উৎস শনাক্ত ও মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি কোনো একক দেশের মালিকানাধীন নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় অংশীদার দেশগুলো, জাপান এবং কানাডার যৌথ সহযোগিতায় নির্মিত এই গবেষণা কেন্দ্রটি বিভিন্ন দেশের তৈরি একাধিক মডিউল সংযুক্ত করে পরিচালিত হচ্ছে।

ত্রুটিপূর্ণ ‘জভেজদা’ মডিউলটি রাশিয়ার তৈরি এবং এটি মূলত মহাকাশচারীদের আবাসন ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়।

পরিস্থিতি বিবেচনায় নাসা তাদের ক্রু-১২ মিশনের চার মহাকাশচারীকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে। এতে করে জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত পৃথিবীতে ফিরে আসতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে স্টেশনটি স্বাভাবিকভাবে পরিচালিত হলেও নিরাপত্তার স্বার্থে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে মেরামত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...