ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত স্টিল ব্রিজ বালুভর্তি একটি ট্রাকসহ ধসে পড়েছে। এতে ধোবাউড়া-ময়মনসিংহ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বালুবোঝাই ট্রাকটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙে পড়ে। এ সময় ট্রাকটিও সেতুর সঙ্গে নিচে নেমে যায়।
ঘটনার পরপরই ধোবাউড়া-ময়মনসিংহ সড়কে বাসসহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
বর্তমানে বিকল্প হিসেবে সাকুয়াইন সড়ক ব্যবহার করে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং অন্যান্য ছোট যানবাহন চলাচল করছে। তবে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছে।
স্থানীয়রা দ্রুত সেতুটি মেরামত অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ব্রিজ ধসের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
