শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দিল একনেক

প্রথম সমাচার ডেস্ক ০৯ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাঁচটি নতুন প্রকল্প, তিনটি সংশোধিত প্রকল্প এবং দুটি মেয়াদ বৃদ্ধি প্রকল্প।

সভায় অনুমোদন পাওয়া উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, ৩৩ জেলায় সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তি উন্নয়ন এবং জাতীয় গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

এছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ছয়টি প্রকল্পের অগ্রগতি ও অনুমোদন বিষয়ে একনেককে অবহিত করা হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...