বুধবার, ১০ জুন ২০২৬
Logo
×

কালবেলার সাংবাদিকের বাসায় চুরি, খোয়া গেল প্রায় ৭ লাখ টাকার মালামাল

প্রথম সমাচার ডেস্ক ১০ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ শহরের বিবি রোড এলাকায় দৈনিক কালবেলা পত্রিকার সহ-সম্পাদক রাসেল আদিত্যের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার দরজা ও ট্রাংকের তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রাসেল আদিত্য অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাসার একটি কক্ষের দরজার হ্যাজবোল্টের শিকল ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। পরে কক্ষে রাখা টিনের ট্রাংকের তালাও ভাঙা দেখতে পান। প্রাথমিকভাবে জানা যায়, ট্রাংকে থাকা ২৫ হাজার টাকা, একটি নতুন মোবাইল ফোন এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ৬ লাখ টাকা। নগদ অর্থ ও অন্যান্য মালামালসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

রাসেল আদিত্য বলেন, সকালে ঘুম থেকে উঠে দরজার শিকল ও ট্রাংকের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি বুঝতে পারেন, চোরেরা বাসা থেকে মূল্যবান মালামাল নিয়ে গেছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...