যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি আগামী রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হচ্ছে না বলে জানিয়েছে তেহরান। শনিবার (১৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তবে নির্ধারিত দিনে চুক্তি না হলেও আগামী কয়েক দিনের মধ্যেই আলোচনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার ভিত্তিতে প্রস্তুত হওয়া খসড়া দলিলটি ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিত। মুখপাত্র বাঘেই জানান, বর্তমান খসড়ার মূল লক্ষ্য চলমান সংঘাতের অবসান ঘটানো। এ পর্যায়ে পারমাণবিক ইস্যু আলোচনার বাইরে রাখা হয়েছে।
তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময় জানাতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। যদিও রোববার চুক্তি হচ্ছে না, তবে আগামী দিনগুলোতে তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান পরিবর্তনের প্রবণতার দিকেও ইঙ্গিত করেন ইসমাইল বাঘেই। তিনি বলেন, ‘অপর পক্ষের রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কারণে পুরো প্রক্রিয়া নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে।’
দুই দেশের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য এই সমঝোতা বাস্তবায়িত হলে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
