সোমবার, ১৫ জুন ২০২৬
Logo
×

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম সমাচার ডেস্ক ১৫ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মোঃ শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিজ সুসান রাইল সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না বলে উভয় পক্ষ অভিমত ব্যক্ত করেন। সরকার ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় হয়।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে জ্বালানি খাতের উন্নয়নের বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে আসে। আলোচনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।

বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব মিজ এ্যানা পিটারসন ও মি. হ্যারি থম্পসন এবং বিরোধীদলীয় নেতার পক্ষে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা এমপি ও মারদিয়া মমতাজ এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...