মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Logo
×

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

প্রথম সমাচার ডেস্ক ১৬ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।

বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ও তদন্ত এখনো চলমান রয়েছে।

আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার পরও দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হচ্ছিল।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীর বহরে রয়েছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’ (The BUFF), যার পূর্ণরূপ ‘বিগ আগলি ফ্যাট ফেলো’।

প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এই বিমানটি প্রায় ৭০ হাজার পাউন্ড পর্যন্ত সমরাস্ত্র বহন করতে পারে। এতে শতাধিক প্রচলিত বোমা অথবা ৩২টি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। আকাশে উড্ডয়নরত অবস্থাতেও এতে জ্বালানি সরবরাহ করা সম্ভব, ফলে বিশ্বের যেকোনো প্রান্তে দীর্ঘ দূরত্বের অভিযান পরিচালনা করতে পারে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে বি-৫২ বোমারু বিমান ব্যবহারের খবরও প্রকাশিত হয়েছে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো এই বিমান।

সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচজন ক্রু সদস্য দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে থাকেন কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...