শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ইরানের পারমাণবিক প্রকল্পে শিগগিরই ফিরবেন রুশ বিশেষজ্ঞরা

প্রথম সমাচার ডেস্ক ১৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধান ও সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, শিগগিরই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞরা তাদের কার্যক্রম পুনরায় শুরু করবেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি।

তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর অংশগ্রহণে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টাকে রাশিয়া স্বাগত জানায়। তবে এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ ও নিরাপত্তা উদ্বেগকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

লিখাচেভের ভাষায়, “আইএইএকে এমন একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে, যাতে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়।”

উল্লেখ্য, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং সামরিক হামলার আশঙ্কার প্রেক্ষাপটে গত এপ্রিল মাসে বুশেহর প্রকল্পে কর্মরত প্রায় ২০০ রুশ বিশেষজ্ঞকে নিরাপত্তাজনিত কারণে প্রত্যাহার করা হয়েছিল।

সাম্প্রতিক ঘোষণাকে বুশেহর প্রকল্পে রাশিয়ার দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা বজায় রাখার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামরিক নয়, বরং আলোচনাভিত্তিক সমাধানের প্রতি মস্কোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...