শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

রূপকথার গল্প লিখে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের

প্রথম সমাচার ডেস্ক ২৭ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের অভিষেক আসরেই ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট দ্বীপদেশ কেপ ভার্দে। অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করা দলটি এবার নকআউট পর্বে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে পরের ধাপে ওঠে কেপ ভার্দে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।

জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্র দেশগুলোর একটি হলেও মাঠের খেলায় বড় দলগুলোর বিপক্ষে দারুণ দৃঢ়তা দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে মূল্যবান পয়েন্ট আদায় করে তারা আলোচনায় আসে।

অন্যদিকে একই গ্রুপের আরেক ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। প্রথমার্ধে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ নিয়েই এগিয়ে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধেও স্পেন আক্রমণাত্মক ফুটবল খেললেও ব্যবধান আর বাড়াতে পারেনি। ম্যাচের শেষদিকে উরুগুয়ের আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা দলটির জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে।

এই পরাজয়ের ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে স্পেন শেষ ৩২-এ ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...