বিশ্বকাপের মঞ্চে আরেকটি অবিস্মরণীয় অধ্যায় যোগ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করে বিশ্বকাপ ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
আগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না মেসি। তবে তাঁর অনুপস্থিতিতেও প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন মেসি। অল্প সময়ের মধ্যেই নিজের স্বাক্ষর রেখে যান। একটি ফ্রি-কিক থেকে নিখুঁত শটে জর্ডানের রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন তিনি।
গোলের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় দেয়ালের সামনে কৌশলগত অবস্থান নিয়ে প্রতিপক্ষের দৃষ্টি আড়াল করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে বল জালে পাঠান মেসি। জর্ডানের গোলরক্ষক কেবল বলের গতিপথ অনুসরণ করা ছাড়া আর কিছুই করতে পারেননি।
চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়ে তিনি নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায়।
এর আগে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তিতে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০)-এর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে তিনি সেই রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেছেন।
এই ম্যাচে গোল হজমের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিপক্ষের কাছে গোলও খায় আর্জেন্টিনা। তবুও জয় নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বের প্রস্তুতি নিচ্ছে লিওনেল স্কালোনির দল।
