বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

আবারও ট্রাম্পের শুল্কের খড়্‌গে পড়তে যাচ্ছে ভারত, ঝুঁকিতে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের নিশানায় পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি বড় অর্থনীতি। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ১৬টি অর্থনীতির দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এসব দেশের বিরুদ্ধে নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানকে অতিরিক্ত সরকারি সহায়তা দিয়ে বৈশ্বিক বাজারে অন্যায্য প্রতিযোগিতা তৈরির অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কয়েক মাস ধরে চলা বাণিজ্য তদন্তের পর নতুন এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই তদন্তের ফল প্রকাশ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনেও শিগগিরই নতুন শুল্ক ঘোষণার সম্ভাবনার কথা বলা হয়েছে।

কেন নতুন শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র?

নতুন শুল্ক আরোপের ভিত্তি হিসেবে ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৬টি অর্থনীতির দেশে শিল্প ভর্তুকি ও সরকারি সহায়তার বিষয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর।

এই আইনের আওতায় কোনো দেশের অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সংশ্লিষ্ট দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইউএসটিআরের প্রধান জেমিসন গ্রিয়ার মনে করেন, সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ভর্তুকি ও অন্যান্য সহায়তার কারণে তাদের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠান তুলনামূলক কম দামে পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করছে। এতে মার্কিন উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।

প্রস্তাবিত নতুন শুল্কের আওতায় সংশ্লিষ্ট দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্য আসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য নতুন শুল্কের বাইরে রাখা হতে পারে। কারণ, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় এসব পণ্যের ওপর আগে থেকেই শুল্ক আরোপ করা রয়েছে।

নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্টের ঘোষিত শুল্কের কাছাকাছি হার আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। যদিও ট্রাম্পের ওই শুল্ক আরোপের আইনি ভিত্তি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং আদালত তা বাতিল করে দেন।

জোরপূর্বক শ্রম নিয়েও বাড়তি শুল্কের পরিকল্পনা

শুধু শিল্প ভর্তুকি নয়, বিদেশি সরবরাহব্যবস্থায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগেও বাণিজ্যিক অংশীদারদের ওপর শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

গত জুলাইয়ে এ বিষয়ে একটি তদন্ত শেষ করে ইউএসটিআর। সংস্থাটির মূল্যায়নে, প্রায় এক ডজন বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত। এসব দেশের মধ্যে শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির দেশও রয়েছে।

ফলে নতুন শিল্প ভর্তুকিসংক্রান্ত শুল্কের পাশাপাশি জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্কও সংশ্লিষ্ট দেশগুলোর রপ্তানি পণ্যের ওপর যুক্ত হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে এসব দেশের পণ্যের প্রবেশ আরও ব্যয়বহুল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে নতুন চাপ

নতুন শুল্কের সম্ভাবনায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ভারত। কারণ, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি ও ওয়াশিংটন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই চুক্তির কাঠামো চূড়ান্ত করা হয়েছিল। তবে গত বছর আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর আওতায় ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বাণিজ্য আলোচনায় নতুন পরিস্থিতি তৈরি হয়।

ভারত চাইছে, যুক্তরাষ্ট্রের বাজারে দেশটির পণ্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি সুবিধাজনক শুল্কহার পাক। নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ বাস্তবায়িত হলে ভারতের এই প্রচেষ্টায় জটিলতা তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক কার্যকর হলে শুধু ভারত নয়, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দামেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com