শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে একক ভাবে সংলাপে অংশগ্রহণের পর এবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দল হিসেবে সংলাপে বসতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সংলাপে ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেয়ার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে এনসিপি। ১ ডিসেম্বর ইসির সাথে আলাদাভাবে সংলাপে বসবে দলটি।

এনসিপি একাধিক কেন্দ্রীয় নেতা চ্যানেল টোয়েন্টিফোরকে জানান, নির্বাচন কমিশনের সাথে সংলাপে এনসিপি দল হিসেবে অংশগ্রহণের পক্ষে। কারণ আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। ফলে এনসিপির নিজস্ব অগ্রাধিকার ও স্বতন্ত্র আলাপের বিষয়বস্তু রয়েছে। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোট হিসেবে না, দল হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় নাগরিক পার্টিকে।

নেতাদের অভিযোগ, জোট শরিকদের সঙ্গে আলোচনার পূর্বেই জামায়াত নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তাদের দাবি, এমন একতরফা সিদ্ধান্ত জোটের ভেতরে গণতান্ত্রিক চর্চার জন্য ভালো দৃষ্টান্ত নয়। কারণ বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের এক সভায় জোট হিসেবে ইসির সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। শুক্রবার ১১-দলীয় জোটের নেতাদের কাছে সিদ্ধান্তটি জানায় জামায়াত। যেখানে একক অংশগ্রহণের সিদ্ধান্তে অনড় এনসিপি। এমন সিদ্ধান্তে এনসিপি রাজি না হলেও ১১-দলীয় জোট ইতোমধ্যে নির্বাচন কমিশনের সাথে জোটবদ্ধ সংলাপের ঘোষণা দিয়েছে।

এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ‘১১ দলীয় জোটের দুটি দলের নিবন্ধন নেই৷ সঙ্গত কারণেই ১১ দল হিসেবে ইসিতে যাওয়ার বাস্তবতাও অনুপস্থিত। ৯ দল গেলে তাকে ১১ দলীয় জোট বলা যায় না।’ এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে বা জোটগতভাবে না হওয়ায় ইসির সংলাপে জোট হিসেবে অংশ নেয়া অযৌক্তিক বলে মনে করছে এনসিপি। তাই দল হিসেবেই সেখানে অংশ নিতে চায় গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যাত্রা শুরু করা দলটি।’

পূর্বের জোটগুলোর মতো দলীয় স্বার্থে জোটের সম্মিলিত শক্তি ব্যবহার কিংবা রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে শরিকদের নাম সর্বস্ব দল হিসেবে দেখতে চায়না এনসিপি। বরং প্রতিটি দলের স্বতন্ত্র রাজনৈতিক কৌশল ও গুরুত্ব, শক্তিশালী করবে পুরোজোটকে।

কথা আছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com