প্রথম সমাচার ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে মৌচাক ইউটার্নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন মেঘলা পরিবহনের বাসটি ভুলতা গাউছিয়া থেকে কিছুসংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের ঢাকাগামী লেনের মৌচাক ইউটার্ন অংশে পৌঁছাতেই যাত্রীর ছদ্মবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে বাস থেকে নেমে যায়। আগুন মুহূর্তে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
এসময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত নেমে নিজেদের রক্ষা করেন। এতে গাড়ির ক্ষতি হলেও কোনো হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, ১০-১২ জন যাত্রীসহ ঢাকার পথে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন জায়গা থেকে দুজন যুবক বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসেন। এরপর তারা ইউটার্নের সামনে এসে গাড়ি থেকে নামতেই আগুন ধরে। এরপর অন্য যাত্রীরা হৈ-হুল্লোড় করে নেমে যান।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বাসটিকে ডাম্পিংয়ে রাখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
সূত্র: মূল প্রতিবেদন

পাবনায় প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মশাল মিছিল