বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

ঈশ্বরদীতে জামায়াত নেতাদের বাড়িতে আগুন-লুটপাট

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ সাত থেকে আটজন আহত হয়েছেন। এ ঘটনার জেরে রাতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে আটটি মোটরসাইকেল পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিবর্তন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবদল ও বিএনপির লোকজন জামায়াত নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছেন। ওসির নেতৃত্বে বিভিন্ন মোড়ে পাহারা বসিয়ে এসব অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ওসি তাদের সুরক্ষা দিচ্ছেন।

তিনি আরও বলেন, হামলা ও অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের পক্ষ থেকে তার ক্ষতিপূরণ দিতে হবে। থানার ওসিকে পরিবর্তন করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

এ সময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এসএম সোহেল ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com