প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম মিজি।
বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদিত হয়।
নবনির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান বলেন, “এরকম গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আমাকে মনোনীত করার জন্য প্রথমেই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নতুন এ পথচলায় শিক্ষার্থীদের মুক্তচিন্তার বিকাশে, সৃজনশীলতার চর্চায় এবং প্রতিযোগিতামূলক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কাজ করতে চাই। প্রত্যাশা করছি, শুভাকাঙ্ক্ষী, সহযাত্রীসহ ক্যাম্পাসের সচেতন ব্যক্তিবর্গ, লেখক, সাংবাদিক এবং শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদের সাহায্য করবেন।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম মিজি বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়াকে আমি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছি। তরুণ লেখকদের চিন্তা, সৃজনশীলতা ও লেখনীর বিকাশে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমি চাই, সকলকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এবং নতুন লেখকদের জন্য কাজ করার সুযোগ তৈরি করতে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।”
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীলতার বিকাশ, মুক্তচিন্তার চর্চা এবং সংবাদপত্র ও সাহিত্যের আঙিনায় তাঁদের বলিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করতে ২০২০ সালের ৩১ অক্টোবর সংগঠনটির কার্যক্রম শুরু হয়। এর আগে, গত ৭ সেপ্টেম্বর সভাপতি হিসেবে কারিশমা ইরিন ও সাধারণ সম্পাদক হিসেবে আজিজ ওয়েসিকে নির্বাচিত করে চবি শাখার কমিটি গঠন করা হয়েছিল।
তবে গত ১২ নভেম্বর সাংগঠনিক বাস্তবতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকসমাজের বৃহত্তর স্বার্থ বিবেচনার কথা উল্লেখ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চবি শাখা থেকে পৃথক হয়ে ‘লেখক ফোরাম’ নামে স্বতন্ত্র একটি সংগঠনের যাত্রা শুরু হয়।
এ ঘটনায় শপথ ভঙ্গ ও সাংগঠনিক কাঠামোর বিরুদ্ধাচরণের অভিযোগে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চবি শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের সভাপতি কারিশমা ইরিন ও সাধারণ সম্পাদক আজিজ ওয়েসিকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়। একই সঙ্গে চবি শাখার তৎকালীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন

চবি লেখক ফোরামের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহফুজ-নাঈম
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান