প্রথম সমাচার ডেস্ক:
বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে আসছেন বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ। সেই ধারাবাহিকতায় এবার চারঘাট উপজেলার ৩০টি অসহায় পরিবারের মধ্যে প্রণোদনা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরহাদ লতিফ। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রতিটি অসহায় পরিবারকে এক বান্ডিল ঢেউটিনের পাশাপাশি তিন হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলার জন্য বরাদ্দের পরিমাণ তুলনামূলকভাবে কম। তবে সংসদ সদস্যের উদ্যোগে বরাদ্দ কিছুটা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পিআইও কার্যালয়ের মাধ্যমে যথাযথ যাচাই-বাছাই শেষে ৩০ জন অসহায় ব্যক্তিকে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বরাদ্দ আনার চেষ্টা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কার্যক্রম গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। এ জন্য সবাইকে ধৈর্য ধরে বিএনপি সরকারকে সময় দিতে হবে। প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারের কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এ সময় সংসদ সদস্যের এপিএস জালাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপকারভোগী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন