প্রথম সমাচার ডেস্ক:
আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নতুন করে উত্তাল করে তুলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। নিজের আত্মজীবনীতে পুরোনো ঘটনার বিস্ফোরক বিবরণ তুলে ধরে সাবেক সতীর্থদের সঙ্গে বিরোধে জড়িয়েছেন উসমান খাজা। তবে এত বছর পর বিতর্কিত অধ্যায়টি আবার সামনে আনার পেছনে রয়েছে ছয় বছর আগের একটি প্রতিশ্রুতি।
২০২০ সালেই শৈশবের বন্ধু ডেভিড ওয়ার্নারকে প্রকৃত ঘটনা প্রকাশের কথা দিয়েছিলেন খাজা। অথচ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছেন, মাত্র দুই মাস আগেও তা জানতেন না ওয়ার্নার নিজেই।
সোমবার (১৬ নভেম্বর) আলোচনায় আসা ‘দে ইউজড টু বি’ পডকাস্টে সঞ্চালক আন্তোনিয়েত লাতুফকে এসব কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল গত সপ্তাহে, প্যাট কামিন্সের শুক্রবারের আলোচিত সংবাদ সম্মেলনের আগে। সেখানে নিজের আত্মজীবনী ‘সবর’ প্রকাশের উদ্দেশ্য, ওয়ার্নারকে দেওয়া প্রতিশ্রুতি এবং নতুন করে শুরু হওয়া বিতর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন ৩৯ বছর বয়সী খাজা।
তিনি জানান, ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারির দায় শুধু তিন ক্রিকেটারের ওপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত কখনোই মেনে নিতে পারেননি। বিশেষ করে শৈশবের বন্ধু ওয়ার্নারের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, সেটি তার কাছে অন্যায্য মনে হয়েছে। তাই একদিন নিজের জানা সত্য প্রকাশ করবেন বলে ২০২০ সালে তাকে বার্তা পাঠিয়েছিলেন।
খাজার কথায়, ‘অনেক আগেই ওয়ার্নারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ আট বছর ধরে এই ঘটনার বোঝা তাকে বহন করতে হয়েছে। অথচ দুই মাস আগেও তাকে জানাইনি, আমার বইয়ে কী লিখেছি।’
প্রতিশ্রুতি দেওয়ার পর দীর্ঘ ছয় বছর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে খুব একটা আলোচনাই হয়নি। এমনকি আত্মজীবনীর কাজ চলার সময়ও ওয়ার্নারকে বিস্তারিত কিছু জানাননি খাজা। বই প্রকাশের সময় ঘনিয়ে আসায় শেষ পর্যন্ত বন্ধুকে বার্তা পাঠান তিনি। আর সেটি পেয়েই অবাক হয়ে যান ওয়ার্নার।
খাজা বলেন, ‘২০২০ সালে তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম। এরপর ২০২৬ সাল পর্যন্ত বিষয়টি নিয়ে আমাদের প্রায় কোনো কথাই হয়নি। কিন্তু প্রতিশ্রুতিটা রেখেছি। দুই মাস আগে আবার বার্তা পাঠানোর সময় সে জানতই না, আমি এসব লিখছি। শুনে ভীষণ অবাক হয়েছিল।’
বইয়ে কী থাকবে, সেটি নিয়ে নিজেও দীর্ঘদিন দ্বিধায় ছিলেন খাজা। স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে লেখা অধ্যায়টি প্রকাশ করবেন কি না, শেষ মুহূর্ত পর্যন্ত সেই সিদ্ধান্ত তার হাতেই ছিল। ওয়ার্নারকে বিস্তারিত জানানোর পরও বই প্রকাশের প্রায় এক সপ্তাহ আগে পর্যন্ত তাকে পুরো অধ্যায়টি পড়তে দেননি।

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
ভিটামিন ডির অভাব ঠেকাতে নিয়মিত খান ১০ খাবার