সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

ভিটামিন ডির অভাব ঠেকাতে নিয়মিত খান ১০ খাবার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ক্যালসিয়াম হাড় শক্ত করে। আর শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণের মাধ্যমে হাড়, পেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট রোগ হয়, পা ধনুকের মতো বেঁকে যায় এবং মাথার খুলি বড় হয়। আর প্রাপ্তবয়স্কদের হাড় দুর্বল হয়, ঘনত্ব কমে যায়, চুল পড়ে যায়, পেশি দুর্বল ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমাসহ মানসিক অবসাদের মতো ঝুঁকি বাড়ে।

এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৮০ শতাংশ মানুষের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে। দৈনন্দিন জীবনে এই ভিটামিনের অভাব আরও প্রকট হয়ে উঠেছে।

ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ভিটামিন ডি (যাকে ক্যালসিফেরলও বলা হয়) একটি চর্বি-দ্রবণীয় ভিটামিন, যা প্রাকৃতিকভাবে কিছু খাবারে পাওয়া যায়, কিছু খাবারে যোগ করা হয় এবং খাদ্য পরিপূরক হিসেবেও পাওয়া যায়। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে আঘাত হানলে প্রাকৃতিকভাবেও শরীরে ভিটামিন ডি সংশ্লেষিত হয়।

প্রাপ্তবয়স্কদের মধ্যে ভিটামিন ডির অভাবে হাড় নরম ও দুর্বল হয়ে যায়। যাকে অস্টিওম্যালাসিয়া বলা হয়। এ ক্ষেত্রে হাড়ে পর্যাপ্ত খনিজ জমা হতে পারে না, ফলে সামান্য চাপে বা দৈনন্দিন চলাফেরায় কোমর, নিতম্ব, পা ও পাঁজরের হাড়ে তীব্র ব্যথা অনুভূত হয় এবং পেশি দুর্বল হয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব থাকলে হাড়ের ঘনত্ব বা ভর দ্রুত কমতে থাকে। এতে হাড় ছিদ্রযুক্ত, দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। সামান্য ধাক্কা বা আঘাতেই কোমর, কবজি বা মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

ভিটামিন ডি পেশির স্বাভাবিক কার্যকারিতার জন্য অত্যন্ত জরুরি। এর অভাবে পেশি দুর্বল হয়ে যায়, মাংসপেশিতে প্রায়ই টান লাগে বা ব্যথা করে এবং সিঁড়ি দিয়ে ওঠা বা বসা থেকে উঠে দাঁড়ানোর মতো সাধারণ কাজগুলোতেও অতিরিক্ত কষ্ট হয়।

ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ঘাটতি থাকলে শরীর সহজে ইনফেকশনের বিরুদ্ধে লড়তে পারে না, ফলে ঘন ঘন সর্দি-কাশি, ফ্লু বা বিভিন্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে।

রক্তে ভিটামিন ডির মাত্রা অতিরিক্ত কমে গেলে শরীরে সারাক্ষণ ক্লান্তি ও অলসতা কাজ করে। এ ছাড়া মস্তিষ্কের যে অংশগুলো মেজাজ ও মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, সেখানেও ভিটামিন ডি প্রভাব ফেলে। ফলে দীর্ঘমেয়াদি অবসাদ, মনঃসংযোগের অভাব এবং অনেক সময় বিষণ্ণতা বা মুড সুইং দেখা দিতে পারে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com