প্রথম সমাচার ডেস্ক:
চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোগে পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি তৈরির কারখানা গড়ে ভাগ্য বদলেছেন খাগড়াছড়ির তরুণ উদ্যোক্তা কেতন চাকমা সন্দুক। অনার্স শেষ করে চাকরির অপেক্ষায় না থেকে মায়ের নামে গড়ে তোলেন ‘মিতা টেক্সটাইল’। ২০২১ সালের শুরুতে মাত্র ছয়জন নারী শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা সেই কারখানায় এখন কাজ করছেন ২৫ জন নারী। ঐতিহ্যবাহী পোশাক তৈরির পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করেছেন তিনি।
পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিনন-হাদি। একসময় মূলত পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সমতলের মানুষের কাছেও বাড়ছে এই পোশাকের চাহিদা। বিষয়টি উপলব্ধি করেই পিনন-হাদি তৈরির উদ্যোগ নেন কেতন চাকমা। শুরুতে নিজেদের কারখানায় তৈরি হাদি কাপড় বাজারজাত করতে দোকানে দোকানে ঘুরতে হতো তাকে। তবে সময়ের সঙ্গে বেড়েছে পরিচিতি ও চাহিদা। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের গণ্ডি পেরিয়ে এখন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে মিতা টেক্সটাইলের তৈরি পোশাক। বর্তমানে পাইকারি ক্রেতারাই সরাসরি কারখানায় এসে পণ্য সংগ্রহ করছেন।
কারখানার পরিধি বাড়ায় এখন বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন কেতন। দক্ষতা অনুযায়ী এখানে কর্মরত নারী শ্রমিকরা মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। এতে নিজেদের সংসারে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে তাদের। কেতনের উদ্যোগ দেখে এলাকার আরও অনেক নারী এই কাজ শেখার আগ্রহ প্রকাশ করছেন।
স্বপ্নদ্রষ্টা কেতন চাকমা সন্দুক বলেন, অনার্স শেষ করার পর চাকরির পেছনে না ছুটে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে কিছু করার চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া। পাহাড়ের পাশাপাশি সমতলেও পিনন-হাদির ব্যাপক চাহিদা রয়েছে। শুরুতে অনেক পরিশ্রম করে নিজেই দোকানে দোকানে পণ্য বিক্রি করেছি। এখন পাইকারি ক্রেতারা কারখানায় এসে পণ্য নিয়ে যাচ্ছেন। আমাদের দেখে অন্যরাও এ কাজের প্রতি আগ্রহী হচ্ছেন, তাদের আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।
মিতা টেক্সটাইলের স্বত্বাধিকারী মিতা চাকমা বলেন, শুরুতে মাত্র ছয়জন নারী শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে এখন ২৫ জন নারী কাজ করছেন। তাদের শ্রম ও দক্ষতায় কারখানাটি এগিয়ে যাচ্ছে। তবে সুতা, রংসহ কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে। সরকারি আর্থিক প্রণোদনা ও সহযোগিতা পেলে কারখানার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।
কেতনের বাবা স্বদেশপ্রীতি চাকমা বলেন, ছেলের উদ্যোগের শুরু থেকেই তারা পাশে রয়েছেন। ছোট পরিসরে শুরু হওয়া কারখানাটি ধীরে ধীরে বড় হয়েছে। বর্তমানে পরিবারের সবাই মিলে কারখানার কাজ দেখাশোনা করছেন। এই উদ্যোগের মাধ্যমে নিজেদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এলাকার নারীদের কর্মসংস্থান তৈরি হওয়ায় তারা আনন্দিত।
রাঙামাটি থেকে আসা নারী শ্রমিক নাজমা আক্তার নাজু বলেন, এই কারখানায় আমি শুরু থেকেই কাজ করে আসছি। কাজ করে নিজের আয় হচ্ছে, সংসারের খরচ চালাতে পরিবারকে সহযোগিতা করতে পারছি। আগে ঘরে বসে সময় কাটত, এখন কাজের মাধ্যমে নিজেরাও স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছি।
নারী শ্রমিক অঞ্জনা দে বলেন, কাজ শিখে এখন নিয়মিত আয় করতে পারছি। নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের প্রয়োজন মেটাতে পারছি। পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাক তৈরির কাজ শিখতে পেরে ভালো লাগছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, কাজের পরামর্শ নেয়; তখন খুব ভালো লাগে।

ছয় বছর আগের প্রতিশ্রুতি রেখেছেন খাজা, অবাক হয়েছিলেন ওয়ার্নারও
ভিটামিন ডির অভাব ঠেকাতে নিয়মিত খান ১০ খাবার
সীমান্তে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক