বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

‘জালিমের সহযোগীরা এখন বড় বিপ্লবী’-জামায়াতকে ইঙ্গিত করলেন বৈছাআ সমন্বয়ক কাদের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

অভ্যুত্থানের পর নিজেদের বড় বিপ্লবী হিসেবে উপস্থাপন করা ব্যক্তিরাই এখন নির্যাতিতদের অতীতের অসহায় মুহূর্ত নিয়ে মশকরা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আব্দুল কাদের লেখেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় হাসিনাকে কটূক্তির অভিযোগে পুলিশ রাশেদ খাঁনকে তুলে নিতে এসেছিল। সে সময় নিরুপায় হয়ে ফেসবুক লাইভে এসে ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ বলে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। ওই সময়ে তাদের ভূমিকার কথা নতুন করে বর্ণনা করার কিছু নেই। অথচ এখন এনসিপি, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাশেদ খাঁনের সেই অসহায় মুহূর্তের আকুতি নিয়ে নির্মম রসিকতা করছেন।

এ ধরনের হীন মানসিকতা ও অকৃতজ্ঞদের দেখা পাওয়া চরম দুর্ভাগ্যের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুল কাদের বলেন, ‘এখন যারা মশকরা করছেন, তাদের অধিকাংশই তখন হেকমত অবলম্বন করে জালিমের সহযোগী হয়েছেন। নিজেরা ব্যক্তি কিংবা দলীয়ভাবে লাভবান হয়েছেন। অভ্যুত্থানের পর তাদের মুখ ফুটেছে। এখন তারা বিশাল বড় বিপ্লবী বনে গেছেন।’

রাশেদ খাঁনের বর্তমান রাজনীতির সঙ্গে দ্বিমত থাকলে তার সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার বক্তব্যের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা উচিত। কিন্তু তা না করে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং অতীতের অসহায়ত্ব নিয়ে মশকরা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তিতর্ক উপস্থাপন না করে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে রাশেদ খাঁনকে ‘ফালতু লোক’ বলেছেন। ব্যক্তিগত আক্রমণ করে দমিয়ে রাখার কৌশল অবলম্বন করেছেন তারা। ওই গোষ্ঠীর টপ টু বটম পর্যন্ত সবার চারিত্রিক বৈশিষ্ট্য কি একই?’সাবেক এই সমন্বয়ক বলেন, শুধু রাশেদ খাঁন নন, নুরুল হক নুর এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চরম নির্যাতিত অবস্থার ছবি-ভিডিওকেও হাস্যরসের খোরাক বানানো হচ্ছে। কয়েক দিন পর মতের মিল না হলে অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলামের জখম হওয়া, রক্তাক্ত-কালশিটে উরু নিয়েও তারা নির্মম রসিকতা করতে পারেন। তাদের হাতকড়া পরা অবস্থার অসহায়ত্ব নিয়েও নোংরামি করা হচ্ছে।

তিনি বলেন, ‘সেই দিনগুলো তাদের জন্য কতটা বিভীষিকাময় ছিল, কতটা নির্যাতন-নিপীড়ন সহ্য করতে হয়েছে এবং তাদের পরিবার কতটা ত্যাগ স্বীকার করেছে, তা তারা ও আল্লাহ জানেন।’

আব্দুল কাদের বলেন, চলমান পরিস্থিতিতে ঐক্যের আলোচনা জোরেশোরে হচ্ছে। কিন্তু রাজনীতিতে চলমান এই হীন মানসিকতা ও দৃষ্টিভঙ্গির সংস্কৃতি পরিবর্তন করতে না পারলে ঐক্যের আলোচনা কতটা কার্যকর হবে, তা জানা নেই।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com