ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর এলাকার চাঁদপুর অংশে গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে চলন্ত বাসটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বোমাটি সড়কে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বাসে থাকা শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহের আরাপপুর থেকে ৩০-৩৫ জন শিক্ষার্থী নিয়ে ইবির উদ্দেশ্যে ছেড়ে আসা ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকার ড্রাগন বাগান পাড় হলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বাসটি চলন্ত থাকায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে পড়ে। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাস চালক বোরহান উদ্দিন বলেন, ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। শৈলকুপার ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজ চলায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো দীর্ঘ সময় যানজটে আটকে ছিল। যানজট ছেড়ে যাওয়ার পর আমার বাসটি পেছনে পড়ে যায়। কিছুক্ষণ পর চাঁদপুর নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুইজন আমার বাসটি লক্ষ্য করে আগুন জাতীয় কিছু ছুঁড়ে দেয়। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে আমি বাসটি নিয়ে দ্রুত বের হয়ে চলে আসি।

রাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল চেয়ে ৪ দিনের আলটিমেটাম