রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ডাকসুর উদ্যোগে সিভি ইঞ্জিনিয়ারিং মাস্টারক্লাস অনুষ্ঠিত

প্রথম সমাচার ডেস্ক ০২ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের প্রস্তুত করে তুলতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘সিভি ইঞ্জিনিয়ারিং মাস্টারক্লাস’ শীর্ষক একটি বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট আস্ক-এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব নিয়াজ আহমেদ, যিনি সিভি নির্মাণ, কর্পোরেট কমিউনিকেশন, লিংকডইন প্রোফাইল অপ্টিমাইজেশন এবং স্মার্ট ক্যারিয়ার প্রেজেন্টেশনের বিভিন্ন কৌশল নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর পরিচালিত এ ধরনের ‘CV Engineering’ মাস্টারক্লাস ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান চাকরির বাজারে শুধুমাত্র একাডেমিক ফলাফল নয়, বরং নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে ডাকসু ধারাবাহিকভাবে এ ধরনের সময়োপযোগী কর্মশালার আয়োজন করে যাচ্ছে।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমুখী উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রশাসনিক নেতৃত্বেও শিক্ষার্থীদের ক্যারিয়ার ও বাস্তব দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

ওয়ার্কশপে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পুরো সেশনজুড়ে সিভি তৈরির সাধারণ ভুল, নিয়োগদাতার দৃষ্টিভঙ্গি, ইন্টারভিউ বোর্ডে আত্মবিশ্বাসী উপস্থাপন এবং ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, এমন বাস্তবধর্মী ও ক্যারিয়ারভিত্তিক আয়োজন তাদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ডাকসুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...