বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Logo
×

দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে ছাড় নয়: এমপি কন্যা তামান্না ফারুক

Icon প্রথম সমাচার ডেস্ক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের মেয়ে তামান্না ফারুক থীমা। তিনি বলেন, সেনবাগে এক শতাংশ মাদকও ঢুকতে দেয়া হবে না। এমনকি দলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবে না।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সেনবাগ বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তামান্না ফারুক থীমা সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সহসভাপতি।

এ সময় তামান্না ফারুক থীমা বলেন, বিএনপির সবচেয়ে শক্তিশালী মেরুদণ্ড হলো যুবদল। দলের দুঃসময়ে যুবদলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি মোকাবিলা করে সংগঠনের পাশে থেকেছেন। গত ১৭ বছর আমরা স্বাভাবিকভাবে কোন কর্মসূচি পালন করতে পারিনি। নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা দলের আদর্শ ও লক্ষ্য ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, এখন সময় এসেছে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। একটি শক্তিশালী ও জনমুখী সংগঠন গড়ে তুলতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তামান্না ফারুক বলেন, মাদক আমাদের সমাজের অন্যতম বড় সমস্যা। এর কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য পরিবার। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সেনবাগে এক শতাংশ মাদকও আমরা ঢুকতে দেব না। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এমনকি দলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেয়া হবে। দলীয় পরিচয় কখনোই অপরাধের ঢাল হতে পারে না।

তামান্না ফারুক থীমা বলেন, আমরা একটি আলোকিত সেনবাগ চাই। এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে থাকবে শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তরুণ সমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষা, মানবিকতা এবং সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।

সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটওয়ারী, সদস্যসচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর নবী রাজু ও মহিন উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মোকাররম হোসেন এবং সদস্যসচিব ইমরান হোসেন স্বপনসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com