রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

ধার করা পশু দিয়ে চলছে যুব প্রশিক্ষণ, বরাদ্দের টাকা ব্যয় সংস্কারে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছিল যুব প্রশিক্ষণ কেন্দ্র। উদ্দেশ্য ছিল, হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলা। তবে নাটোরের লালপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রয়োজনীয় পশু না থাকায় বাইরে থেকে ধার করে আনা পশু দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া মৎস্য খামারসহ প্রশিক্ষণের বিভিন্ন উপকরণ অব্যবহৃত পড়ে থাকায় প্রশিক্ষণের মান ও বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের সময়ে বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এডিপির অর্থায়নে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে লালপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই নানা সংকটের মধ্য দিয়ে চলছে কেন্দ্রটির কার্যক্রম।

প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ, কৃষি ও হর্টিকালচারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তরুণদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা। প্রশিক্ষণ পরিচালনার জন্য অবকাঠামো ও জনবল থাকলেও বাস্তবমুখী প্রশিক্ষণের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রশিক্ষণের জন্য কেন্দ্রে পর্যাপ্ত নিজস্ব পশু নেই। ফলে অন্যের কাছ থেকে পশু ধার করে এনে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে প্রশিক্ষণার্থীরা পর্যাপ্ত বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

পশুপালনবিষয়ক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হলো হাতে-কলমে শিক্ষা। গবাদিপশুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসার মতো বিষয় শেখার জন্য নিয়মিত ব্যবহারিক অনুশীলন প্রয়োজন। কিন্তু পশু সীমিত থাকলে কিংবা সাময়িকভাবে ধার করে আনলে প্রশিক্ষণার্থীদের পর্যাপ্ত ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করা কঠিন।

প্রশিক্ষণার্থীদের অভিযোগ, বাস্তব প্রশিক্ষণের সুযোগ সীমিত হওয়ায় কোর্স শেষে অর্জিত দক্ষতা নিয়ে তারা আত্মবিশ্বাসী হতে পারছেন না। প্রশিক্ষণের মান নিশ্চিত করতে পর্যাপ্ত উপকরণ, ব্যবহারিক অনুশীলনের সুযোগ ও দক্ষ প্রশিক্ষক প্রয়োজন। কিন্তু লালপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রে এসব সুবিধার ঘাটতি রয়েছে।

প্রশিক্ষণের জন্য কেন্দ্রে গরুর খামার, মৎস্য খামার এবং হাঁস-মুরগি পালনের খামার নির্মাণ করা হয়েছে। তবে প্রশিক্ষণার্থীদের অভিযোগ, এসব অবকাঠামোর অধিকাংশই কার্যত অব্যবহৃত। গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছ না থাকায় ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগও সীমিত। ২০০৫ সালের পর থেকে মৎস্য খামারটি অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে। নির্মাণের পর থেকে একবারের জন্যও এটি ব্যবহার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এক প্রশিক্ষণার্থী বলেন, অনেক স্বপ্ন নিয়ে গরু পালন শেখার জন্য এখানে এসেছেন তিনি। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সেই স্বপ্ন পূরণ হচ্ছে না।

বাইরে থেকে দেখলে প্রশিক্ষণ কেন্দ্রটিকে আধুনিক ও সুসজ্জিত মনে হয়। ভবন, সাইনবোর্ড ও সাজসজ্জায় উন্নয়নের ছাপ রয়েছে। তবে ভেতরের বাস্তব চিত্র ভিন্ন।

চলতি অর্থবছরে কেন্দ্রটির বিভিন্ন অবকাঠামো সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। ইতিমধ্যে মূল ফটকের সামনে টাইলস দিয়ে পতাকা উত্তোলনের স্থান সাজানো হচ্ছে। পাশাপাশি অব্যবহৃত ভবনগুলো রং করে নতুনভাবে সাজানো হচ্ছে। অভিযোগ রয়েছে, যেখানে প্রশিক্ষণের কার্যক্রম নেই এবং ছাত্রীনিবাসে কোনো ছাত্রী থাকেন না, সেসব ভবনেও সংস্কারকাজ চলছে।

এ ছাড়া ডেপুটি কো-অর্ডিনেটর বরাদ্দের বাইরে নিজের অফিস ও ভিআইপি কক্ষ সংস্কার করছেন বলে অভিযোগ উঠেছে। সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রশিক্ষণার্থীদের ভাষ্য, অবকাঠামো সাজানোর পেছনে অর্থ ব্যয় না করে ওই টাকা দিয়ে পশু কেনা হলে তারা বাস্তব প্রশিক্ষণের সুযোগ পেতেন। তাদের মতে, বিদ্যমান অবকাঠামো ভালো থাকা সত্ত্বেও নতুন করে সাজসজ্জায় অর্থ ব্যয় করা হচ্ছে, যা অপচয়ের শামিল।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পশুপালনবিষয়ক প্রশিক্ষণ শুধু শ্রেণিকক্ষের পাঠ বা বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। পশুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ শনাক্তকরণ, টিকাদান ও খামার পরিচালনার মতো বিষয়গুলো হাতে-কলমে শেখানো জরুরি। সরকারি অর্থে পরিচালিত যুব প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য শুধু সনদ দেওয়া নয়, দক্ষ জনশক্তি তৈরি করা। প্রশিক্ষণ শেষে একজন তরুণ যেন নিজের উদ্যোগে খামার গড়ে স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। প্রশিক্ষণের স্বচ্ছতা, জবাবদিহি ও মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে লালপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের পশু প্রদর্শক জাকারিয়া এশিয়া পোস্টকে বলেন, গত আট মাস ধরে প্রশিক্ষণ কেন্দ্রের সংস্কারকাজ চলছে। এ কারণে খামারের পশু বিক্রি করে দেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ না রাখতে বাইরে থেকে পশু এনে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আগে কতটি পশু দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলত, জানতে চাইলে তিনি বলেন, একটি অথবা দুটি পশু ছিল। সংস্কারকাজের কারণে সেগুলো বিক্রি করা হয়েছে। তবে পশুগুলো কত টাকায় বিক্রি করা হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য জানাতে পারেননি তিনি।

অন্যদিকে কেন্দ্রের আরেক পশু প্রশিক্ষক আব্দুল জলিল এশিয়া পোস্টকে জানান, কিছুদিন আগে তাদের খামারের পোলট্রি মুরগি বিক্রি করা হয়েছে। তবে কতটি মুরগি বিক্রি করা হয়েছে, সেই সংখ্যা তার জানা নেই।

অভিযোগের বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, তার অফিসটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন ছিল। কিন্তু এ জন্য আলাদা বাজেট না আসায় বরাদ্দের টাকা থেকে অফিস ও ভিআইপি কক্ষ সংস্কার করিয়েছেন। তবে এতে কাজের মান খারাপ হয়নি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com